Breaking News

১৫ কেজি গাঁজাসহ কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

১৫ কেজি গাঁজাসহ কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি শিউলী (৩৮) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) নাগেশ্বরী থানা পুলিশ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে ১৫ কেজি গাঁজাসহ শিউলী বেগমকে হাতেনাতে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় এলাকায় কতিপয় মাদক কারবারি নিজ বসতবাড়িতে গাঁজা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি মোছা. শিউলী বেগমকে (৩৮) হাতেনাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার (ওসি) ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। উক্ত মাদক কারবারির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে তাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments