Breaking News

২৩ বছর পর গ্রেফতার ধর্ষণ মামলার আসামি গোলাম মোস্তফা, সন্তানের পরিচয় নিয়ে প্রশ্ন

২৩ বছর পর গ্রেফতার ধর্ষণ মামলার আসামি  গোলাম মোস্তফা, সন্তানের পরিচয় নিয়ে প্রশ্ন


দীর্ঘ ২৩ বছর পলাতক থাকার পর অবশেষে ধর্ষণ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ গোলাম মোস্তফাকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ও র‌্যাব-১৩।

গত ২৪ মে ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধানমন্ডির জিগাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম সদর থানার এএসআই মোঃ শওকত আলম সিদ্দিকী এবং র‌্যাব-১৩ এর একটি বিশেষ দল।

আসামি মোঃ গোলাম মোস্তফা কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন দইখাওয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মৃত আয়নাল হক। বর্তমানে তিনি তালতলা কলেজ পাড়ায় বসবাস করতেন এবং পরিচয়ে তিনি কলেজ পাড়ার আইয়ুব বিটিআরের ভাগিনা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোঃ গোলাম মোস্তফা নিজেকে একজন কাজী পরিচয় দিয়ে ভুয়া কাবিননামা তৈরি করে এক তরুণীকে বিয়ে করেন। পরে ভিকটিম গর্ভবতী হলে তিনি পালিয়ে যান। ভুক্তভোগী নারীর পরিবার আদালতের দ্বারস্থ হলে বিচার শেষে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। কিন্তু রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

২৩ বছর পর গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। সন্তানটি বর্তমানে কিশোর বয়সে পা রেখেছে। সমাজ ও আইনজীবী মহলের অনেকেই প্রশ্ন তুলছেন—এখন সে কি তার পিতার স্বীকৃতি পাবে? পাবে কি বাবার নাম, উত্তরাধিকার, সামাজিক পরিচয়?

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আসামিকে কুড়িগ্রাম আদালতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের রায় কার্যকর করা হবে। সন্তানের পিতৃপরিচয় সংক্রান্ত বিষয়টি আইনি পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্তে পৌঁছানো হবে।”

মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সন্তানের ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব রয়েছে।

No comments