মসজিদের কার্নিস ভেঙে কুড়িগ্রামে মুসল্লির মৃত্যু
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় মসজিদের ছাদের কার্নিস (রেলিং) ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক মুসল্লির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ স্বৈরাচার সরকারকে হঠাতে সবচেয়ে বেশি প্রাণ দিতে হয়েছে ইসলামপন্থীদের -আল্লামা মামুনুল হক
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
তিনি একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজ আদায়ের আগে আব্দুল মমিন অজু শেষে মসজিদে প্রবেশের সময় হঠাৎ করে ছাদের ওপরের কার্নিস ভেঙে তার ওপর পড়ে। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশেই মসজিদটি হওয়ায় তিনি নিয়মিত নামাজ পড়তেন। প্রতিদিনের মতো শনিবারও মাগরিবের নামাজ আদায় করতে এসে দুর্ঘটনার শিকার হন। পরে তার স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments