শিবগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ,আটক ২
বগুড়ার শিবগঞ্জে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার মোকামতলায় এক প্রতিবন্ধীর অফিসে এ ঘটনা ঘটে।
গৃহবধুর স্বামী চারজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ বৃহস্পতিবার রাতে দু’জনকে আটব করেছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
বিকালে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, ধর্ষণের শিকার গৃহবধুকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন— বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির (৪০) ও একই উপজেলার পার আঁচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন (৩৫)।
পলাতক আসামিরা হলেন—শিবগঞ্জ উপজেলার মুরাদপুর উত্তরপাড়া গ্রামের ফারুক হোসেন (৪০) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের আজহার আলী (৫০)।
পুলিশ ও মামলা সূত্র জানায়, আসামিরা গত বুধবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ী গ্রাম থেকে ওই গৃহবধু ও তার স্বামীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তোলে। এরপর তাদের বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় এক প্রতিবন্ধীর অফিসে নিয়ে আসে। সেখানে স্বামীকে বেঁধে রেখে তারা চারজন গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
এ ব্যাপারে ধর্ষণের শিকার গৃহবধুর স্বামী বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় উল্লিখিত চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি জাকির ও মিল্লাতকে গ্রেফতার করে।
শুক্রবার বিকালে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, পলাতক আসামি ফারুক ও আজহারকে গ্রেপ্তারে অভিযান চলছে।

No comments