Breaking News

ফেনীতে জামায়াতের অফিস পোড়ানোর এক যুগ পর মামলা, সাবেক এমপি নিজাম হাজারীসহ আসামি ১৫০

 

ফেনীতে জামায়াতের অফিস পোড়ানোর এক যুগ পর মামলা, সাবেক এমপি নিজাম হাজারীসহ আসামি ১৫০

ফেনীতে জামায়াতের অফিস পোড়ানোর এক যুগ পর মামলা, নিজাম হাজারীসহ আসামি ১৫০ ফেনী জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার এক যুগ পর মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ৮ জনের নাম উল্লেখ করে দেড়শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জেলা জামায়াতের সাবেক দপ্তর সম্পাদক মো. শফিকুর রহমান মামলাটি দায়ের করেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি.কম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, বর্তমান সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম পাটোয়ারি, যুবলীগের সহসভাপতি জানে আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, সিনিয়র সহসভাপতি জিয়াউল আলম মিষ্টার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আলম রানা।


মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর রোববার রাত আড়াইটার দিকে শহরের শান্তি কোম্পানী রোডের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার উত্তর-পশ্চিম পাশে অবস্থিত জেলা জামায়াতের অফিসের কলাপসিবল গেইট ভেঙে আসামিরা ভিতরে প্রবেশ করেন। দারোয়ান প্রাণভয়ে পালিয়ে গেলে তারা অতর্কিত গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে অফিস ভাঙচুর করেন। পরে গ্যারেজে থাকা নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রে-চ-৫৩-৭৪৫৪) ও দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

হামলাকারীরা অফিসের নীচতলা ও দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষের এসি, কম্পিউটার, ফটোকপি মেশিন ভাঙচুর করে এবং অফিসের কাগজপত্র ও বইপুস্তক নষ্ট করে বিভিন্ন কক্ষে আগুন লাগিয়ে দেন। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে শান্তি রোডে আটকে দেওয়া হয়।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

জামায়াতের জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম জানান, ঘটনার পর সেই সময়ও মামলা করা হয়েছিল, তবে পুলিশ ভূয়া রিপোর্ট দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ায় এগোতে দেয়নি।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, আওয়ামী লীগ সারাদেশের মতো ফেনীতেও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল; তারা জামায়াতের কার্যালয়ে আগুন দিয়ে বই-পুস্তক, গাড়ি ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments