Breaking News

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে ২ জনের ১৪ বছরের কারাদণ্ড

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে ২ জনের ১৪ বছরের কারাদণ্ড


 ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে দুই জনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী নুপুর বেগম (৩৫) এবং ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামের ওয়াজেদ খলিফার ছেলে জসিম খলিফা (৩৬)।


আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৯৬টি, ৫০০ টাকার ২০০টি এবং ২০০ টাকার ৫টি নোটসহ মোট ২ লাখ ৯৭ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।


পরে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান তদন্ত শেষে ২০২৪ সালের ৮ জুন বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(এ) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।


রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই।

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

No comments