পূর্বধলায় শারদীয় দূর্গা উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নেত্রকোনার পূর্বধলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পূজার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পূর্বধলা থানার ওসি (তদন্ত) মিন্টু দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান অসাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা খাতুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি শ্রী তরুণ কুমার রায়, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহবুব আলম রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলার ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল হক লিমন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত সকলে পূজার সময় নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মতামত দেন। এবার পূর্বধলা উপজেলায় মোট ৫৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫০টি সার্বজনীন এবং ৭টি ব্যক্তিগত মণ্ডপ রয়েছে।
সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে, পূজার সময় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বজায় রাখার জন্য প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

No comments