সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে পুলিশর ওপর হামলা, এসআইসহ আহত ৬
ফেনীর সোনাগাজী আমিরাবাদে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ গ্রামে গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের কাছে থাকা একটি শর্টগান ও ওয়াকি-টকি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই সাইদুল ও মোফাজ্জল, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, রাত আড়াইটার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ওই এলাকায় গেলে আসামিদের স্বজনেরা পুলিশকে ঘেরাও করে। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও ওয়াকি-টকি ছিনিয়ে নেয় তারা। পরে সোনাগাজী মডেল থানা থেকে আরও পুলিশ গিয়ে এলাকাটিকে ঘিরে রাতভর অভিযান পরিচালনা করে। এ সময় রিপন নামের এক যুবককে আটক করে এবং ছিনতাই হওয়া ওয়াকি-টকি ও শটগান উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, স্থানীয় নাগরিকদের সহায়তায় অস্ত্র ও ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments