থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দরিদ্র ঈমন: চিকিৎসার দ্বায়িত্ব নিলো ভোলা জার্নালিস্ট ফোরাম
ভোলায় ‘থ্যালাসেমিয়া’ রোগে আক্রান্ত মো. ঈমন (১৮) নামের এক দরিদ্র যুবকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ভোলার গণমাধ্যম কর্মীরা। এতে স্বস্তি ফিরে এসেছে অসহায় ঈমনের পরিবারে।
ঈমন ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মহাজনের পোল এলাকার আবুল বাশারের ছেলে। বর্তমানে তারা ওই এলাকার লাল মিয়া হাওলাদারের বাড়িতে ভাড়া থাকেন। ঈমনের বাবা পেশায় রিকশাচালক। ছেলের চিকিৎসার খরচ জোগাতে তিনি নিজের জমি ও বসতভিটা বিক্রি করেছেন। এখন অন্যের ঘরে ভাড়া থাকেন তারা।
অসুস্থ মো. ঈমন জানান, প্রায় সাত-আট বছর আগে তার শরীরে থ্যালাসেমিয়া ধরা পড়ে। এরপর ভোলা, বরিশাল ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এতদিনে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু রিকশাচালক বাবার পক্ষে আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই তিনি ভোলার কাঁচাবাজারে একটি ডিমের দোকানে চাকরি নেন, যেখানে তার মাসিক আয় মাত্র ৮ হাজার টাকা।
তিনি আরও জানান, প্রতি মাসে প্রায় দুই হাজার টাকার ওষুধ, নিয়মিত ডাক্তার দেখানো, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও তিন-চার মাস পরপর রক্ত নিতে হয় তাকে। এতে বিপাকে পড়ে তার পরিবার। একসময় চিকিৎসা বন্ধের উপক্রম হয়। সেই সময় একদিন বাজারে ডিম কিনতে গিয়ে পরিচয় হয় “ভোলা জার্নালিস্ট ফোরাম”-এর সভাপতি মো. শাহিন কাদেরের সঙ্গে। তাকে নিজের অবস্থা জানালে তিনি চিকিৎসার দায়িত্ব নেয়ার আশ্বাস দেন।
ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. শাহিন কাদের বলেন, “আজ শনিবার (৪ অক্টোবর) থেকে আমি এবং আমাদের সংগঠনের সদস্যরা ঈমনের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তার ওষুধ, চিকিৎসা এবং প্রয়োজনীয় সব খরচ আমরা বহন করব। আগামী ছয় মাসের মধ্যে আমরা তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। তাকে সুস্থ করে তোলার জন্য যা প্রয়োজন, আমরা তা করব।”
তিনি আরও জানান, “আজ আমি নিজেই ঈমনকে এক ব্যাগ রক্ত দিয়েছি। পরবর্তীতে আমাদের সংগঠনের যাদের রক্তের গ্রুপ ‘এ পজিটিভ’, তারাও পর্যায়ক্রমে রক্ত দেবেন।”
সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন বলেন,
“আমাদের সভাপতি শাহিন ভাইয়ের মাধ্যমে কয়েকদিন আগে ঈমনের বিষয়টি জানতে পারি। এরপর আজ শনিবার আমরা সংগঠনের জরুরি সভা ডেকে সবাই মিলে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
মানবতার এমন উদ্যোগে ঈমন ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জার্নালিস্ট ফোরামসহ ভোলার গণমাধ্যম কর্মীদের জন্য দোয়া কামনা করেছেন।
মাহে আলম মাহী, ভোলা প্রতিনিধি

No comments