Breaking News

তিস্তা নদীর পানিবৃদ্ধিতে নীলফামারীর ডিমলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি: ভেঙে পড়ার আশঙ্কায় বাঁধ

তিস্তা নদীর পানিবৃদ্ধিতে নীলফামারীর ডিমলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি: ভেঙে পড়ার আশঙ্কায় বাঁধ


নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব সাতনাই, খোকা খরিবাড়ী, টেপা খড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী এলাকাগুলোতে বর্তমানে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে এলাকার হাজারো মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পানি ক্রমাগত বেড়ে যাওয়ায়  বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তীব্র স্রোত। যে কোনো মুহূর্তে বাঁধটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা ইতোমধ্যে নিজ উদ্যোগে বালিভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন।


বন্যা নিয়ন্ত্রণে ও দুর্যোগ মোকাবিলায় প্রশাসনও রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। সরেজমিনে তদারকির জন্য ইতোমধ্যে নীলফামারী জেলার জেলা প্রশাসক, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়মিত নজরদারি করছেন।


ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছাতে স্থানীয় প্রশাসন জরুরি ব্যবস্থা নিচ্ছে। তবে, পানির তীব্র স্রোতের কারণে অনেক এলাকাতেই পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।


স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, "আমরা দিন-রাত নৌকা আর বাঁধের পাশেই থাকি। পানি যেভাবে বাড়ছে, তাতে মনে হয় বাঁধ ভেঙে গেলে পুরো গ্রাম ডুবে যাবে। এখন নিজেরাই বালির বস্তা ফেলে বাঁধ ঠিক রাখার চেষ্টা করছি।"


ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "আমরা বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে, এবং জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্র খোলা হবে।"


বিশেষজ্ঞরা বলছেন, উত্তরাঞ্চলের পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে শুধু ডিমলা নয়, আশেপাশের অন্যান্য উপজেলাও বন্যার ঝুঁকিতে রয়েছে।



মো:মফিজুল ইসলাম,নীলফামারী জেলা   প্রতিনিধি

No comments