নেশার টাকা না পেয়ে কুড়িগ্রামে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় নেশার টাকা না পেয়ে নাতির লাঠির আঘাতে দাদার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আসকার আলী (৮০)। তিনি ওই গ্রামের মৃত মন্তু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসকার আলীর নাতি আলমগীর হোসেন (৩৫) দীর্ঘদিন ঢাকায় বাসের সহকারী হিসেবে কাজ করতেন। সেখানে মাদকের সংস্পর্শে এসে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। সম্প্রতি বাড়িতে ফিরে পরিবারের জন্য হয়ে ওঠেন এক দুশ্চিন্তার কারণ। মাদকের প্রভাবে প্রায়ই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন। পরিস্থিতি সামাল দিতে পরিবার তাকে শিকলে বেঁধে রাখত।
বুধবার সন্ধ্যায় শিকল পরানো নিয়ে আলমগীরের সঙ্গে দাদার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আলমগীর কাঠের লাঠি দিয়ে দাদাকে আঘাত করেন। এতে গুরুতর আহত আসকার আলীকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আবু সায়েম জানান, বৃদ্ধ আসকার আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা ও ডান চোখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
কুড়িগ্রামের কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত নাতি আলমগীর হোসেন পলাতক রয়েছে।”
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments