কৃষিজমি হারাচ্ছে খাদ্য ফসল, বাড়ছে তামাক —রাজশাহীতে মানববন্ধনে উদ্বেগ
রাজশাহীর কৃষিজমি থেকে ধান-গমের পরিবর্তে তামাকের গাছ যখন মাথা তুলছে, তখন খাদ্য নিরাপত্তার শঙ্কা আরও প্রকট হয়ে উঠছে। এ বাস্তবতা তুলে ধরে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়েছেন—“কৃষি জমিতে তামাক চাষ মানেই খাদ্য নিরাপত্তায় সর্বনাশ।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মিয়াপাড়া এলাকার বরেন্দ্র কলেজের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশাল ওয়েলফেয়ার (লফস)। এতে সহযোগিতা করে এইড ফাউন্ডেশন।
কর্মসূচিতে রাজশাহী সিটি করপোরেশনের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী মহানগরের সচিব মো. ফারুক হোসেন।
বক্তারা বলেন, তামাক চাষ শুধু মাটি ও কৃষি অর্থনীতিকে বিপর্যস্ত করছে না, জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে। “তামাকের কারণে কৃষিজমির উর্বরতা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম খাদ্য সঙ্কটে পড়বে,” —এমন মন্তব্য করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সেকেন্দার হোসেন, লফস-এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন ও মুক্তা সরকার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দাবি জানান—তামাক চাষ বন্ধে বিকল্প ফসল চাষে প্রণোদনা দেওয়া এবং কঠোর নীতিমালা প্রণয়ন করা হোক। পাশাপাশি প্রতিটি পরিবারকে তামাকবিরোধী সচেতনতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
তাদের মতে, রাষ্ট্রীয় উদ্যোগ ও সামাজিক আন্দোলনের সমন্বয় ঘটলেই একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী

No comments