বিএনপির নেতার বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ইউসুফ আলী নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে সরকারি স্থাপনা, বসতবাড়ি ও ফসলি জমি। ইউসুফ আলী উপজেলার পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আরও পড়ুনঃ রাজারহাট হাসপাতালে কর্তব্যরত ফার্মাসিস্টের উপর দুবৃত্তের হামলা
জানা গেছে, ইউসুফ আলী পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলকুমার নদ থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এতে হুমকির মুখে পড়েছে ওই ইউনিয়নের থানাঘাট বাজারের হাটশেড, বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে রয়েছে তীরের বাসিন্দারা।
আরও পড়ুনঃ বাবুই পাখির কান্না কেউ শুনল না—তালগাছ কেটে মুছে দেওয়া হলো শত ছানার জীবন
স্থানীয়দের অভিযোগ, বারবার নিষেধ করার পরেও থামছে না বালু উত্তোলন।
স্থানীয়রা বালুখেকোদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মলিদা বেগম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘নদী থেকে এভাবে বালু তুলতে থাকলে একসময় আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাবে।’
রেজিয়া বেগম নামের আরেকজন বলেন, নদী থেকে বালু তোলায় আমরা ভাঙনের আতঙ্কে আছি। বালু তুলতে নিষেধ করা হয়েছে। কিন্তু বালু তোলা বন্ধ হচ্ছে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, অবৈধ ড্রেজার দিয়ে ফুলকুমার নদী থেকে বালু উত্তোলন করায় থানাঘাট নতুন হাটসেড, নদীপাড়ের বাড়িঘর ভাঙনের হুমকিতে পড়েছে।
বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী প্রথমে সংবাদ কর্মীদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে তিনি বলেন, নদীর দুই পাড়ের জমি আমাদের তাই বালু তুলে বিক্রি করছি।
পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, বালু তোলার বিষয়টি আমার জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ গোলাম ফেরদৌস বলেন, বালু তোলার খবর পেয়েছি। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হাবে।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments