ফেনীর নবাবপুর ইউনিয়নে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর মাঝে অদ্য শনিবার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগের ফলে সর্বমোট ১২০০ জন শিক্ষার্থী উপকৃত হয়েছে।
বিতরণ কর্মসূচির বিস্তারিত:
প্রথম ভেন্যু: নবাবপুর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭৯৩ জন শিক্ষার্থীর মাঝে উপকরণ বিতরণ করা হয়। দ্বিতীয় ভেন্যু: মজুপুর তাহেরা বেগম স্কুলের হলরুম সহ আরও ৩টি ভেন্যুতে অবশিষ্ট শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ সম্পন্ন হয়।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল: শিক্ষার্থীদের ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, স্কেল, পেন্সিলবক্স, ক্লিপবোর্ড, ইরেজার, শার্পনার এবং পানির বোতল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল এইড-এর নির্বাহী পরিচালক জনাব ইঞ্জিনিয়ার বাবুল আকতার।
এছাড়াও উপস্থিত ছিলেন আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাশেদা বেগম, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কায়সার রায়হান প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, আব্দুলহাই প্রাইমারির প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র দাস, দক্ষিণ সুলতানপুর প্রাইমারির প্রধান শিক্ষক নুরুর ইসলাম, হাজিপুর, গোয়ালিয়া, মহাদিয়ার প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ। সোশ্যাল এইড-এর ডকুমেন্টেশন অফিসার মোহাম্মদ বায়েজিদ আহমেদ, ফিল্ড কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, ভলান্টিয়ার ফাহিম, অভি, ইব্রাহিম ও দিপ্তী রানী এবং সাংবাদিক জহিরুল হক সজিবও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ জহিরুল আলম বলেন, "সোশ্যাল এইড যে শিক্ষা উপকরণ দিয়েছে, এর আগে অন্য কোনো সংস্থা ইউনিয়নের সকল প্রতিষ্ঠানে এমন সহায়তা প্রদান করেনি। সোশ্যাল এইড-এর প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।" তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে এবং প্রতিদিন স্কুলে আসতে হবে। সোশ্যাল এইড যে উপকরণ দিয়েছে, তার সদ্ব্যবহার করে শিক্ষকরা এখন মানসম্মত পাঠদান করে শিশুদের ভালো ফলাফল উপহার দিতে পারবেন।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল এইড সংস্থার প্রোগ্রাম ম্যানেজার এম নাসির উদ্দিন।
ইউনিয়নের সকল শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষা উপকরণ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সোশ্যাল এইড-কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের আরও মহতী কর্মসূচির প্রত্যাশা করেন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments