Breaking News

গৃহবধূকে নির্যাতনকারীদের গ্রেফতার দাবিতে কুড়িগ্রামে রাস্তা অবরোধ

গৃহবধূকে নির্যাতনকারীদের গ্রেফতার দাবিতে কুড়িগ্রামে রাস্তা অবরোধ

কুড়িগ্রামে এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন অমানবিক নির্যাতন করে তার গোপনাঙ্গে মরিচের বাটনা ঢেলে দেওয়ার বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। এঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার দুধখাওয়া গ্রামের রফিকুল ইসলাম তার প্রথম স্ত্রী ঝর্ণা বেগম ও সন্তানদের রেখে ঢাকায় যায়। সেখানে রফিকুল দ্বিতীয় বিয়ে করে পরিবারের লোকজন দিয়ে ঝর্ণা বেগমের ওপর অমানবিক নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে তাঁর গোপনাঙ্গে মরিচের বাটনা ঢেলে দেয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী কুড়িগ্রাম জেনারেল  হাসপাতালে ভর্তি করে।

এঘটনার প্রতিবাদে রোববার (১০ আগস্ট) সকাল ১১ টায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট নামক স্থানে সড়কে মানববন্ধন ও অবরোধ সৃষ্টি করে। এতে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

এসময় মানববন্ধনে স্থানীয় বাসিন্দা সুজন বলেন, ‘আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।'

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে তাজুল বলেন, ‘আমাদের সমাজে আর কোনো মা-বোনের সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে এজন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত বিচার করতে হবে।

এবিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ নাজমুল আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার রাতে ভুক্তভোগী গৃহবধূর পক্ষে তার মেয়ে দিশা রাজকরহাট থানায় ১২ জনের নামে অভিযোগ দায়ের করেন।’

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments