Breaking News

পেকুয়ায় ইউএনও'র হস্তক্ষেপে কৃত্রিম বাঁধ অপসারণ

পেকুয়ায় ইউএনও'র হস্তক্ষেপে কৃত্রিম বাঁধ অপসারণ


কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া এলাকায় সরকারি খালে কৃত্রিম বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়েছিল একটি প্রভাবশালী চক্র। এতে প্রায় ১০ একর জমির আমন ধানের চারা পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। কৃষকদের লিখিত অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাঁধটি অপসারণ করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় নুরুল কাদের ওরফে ভরসা বাপ খালে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করছিলেন। এতে খালের পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খালের লাগোয়া কৃষিজমিতে বৃষ্টির পানি ও জোয়ারের পানি জমে ধানের চারা পচে নষ্ট হয়ে যায়। ভুক্তভোগী কৃষক জামাল হোসেন, নাজেম উদ্দিন, আব্দু রহমান, আবুল হোসেন, আব্দু ছালামসহ অন্তত ১০-১৫ জন কৃষকের জমি এতে ক্ষতিগ্রস্ত হয়।

কৃষক জামাল হোসেন বলেন, সরকারি খালে বাঁধ দেওয়ায় আমাদের প্রায় ১০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। নতুন করে রোপণ করারও সময় নেই। বাধা দিলেও তারা কথা শোনেনি। পরে ইউএনও স্যারের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযোগের পর ইউএনও’র নির্দেশে মগনামা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক, ৮ জন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁধ অপসারণ করে দেন।

মগনামা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ইউএনও স্যারের নির্দেশে আমরা গিয়ে বাঁধ অপসারণ করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় সতর্ক করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বদিউল আলম ও ইউপি সদস্য আমির উদ্দিন, নুর মুহাম্মদ, ছরওয়ার, মোকতার আহমদ, আবুল কাসেম, নজরুল ইসলাম ও কহিনুর আক্তার।


পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল হোসেন চৌধুরী বলেন, অভিযোগের পরপরই দ্রুত ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যদের নির্দেশ দিয়েছি।

পেকুয়া প্রতিনিধি 

No comments