ঝালকাঠিতে পানির দাবিতে রাস্তায় পৌরবাসীর বিক্ষোভ, শীঘ্রই সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের
ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় দীর্ঘ দুই বছর ধরে চলা পানির তীব্র সংকটের প্রতিবাদে রোববার (১৭ আগস্ট) সকালে রাস্তায় নেমেছেন এলাকাবাসী। মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। পরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
বিক্ষোভকারীরা জানান, এলাকার বিকল পাম্প মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় তারা বছরের পর বছর পানির অভাবে ভুগছেন। নিয়মিত পৌরসভার বিল পরিশোধ করলেও সেবা পাচ্ছেন না তারা। এ কারণে নিরুপায় হয়ে নদীর পানি ব্যবহার করতে হচ্ছে। ফলে নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী।
আন্দোলনের মুখপাত্র ও ৯নং ওয়ার্ডের বাসিন্দা মুরাদ হোসেন বলেন, “নিয়মিত পৌর পানির বিল পরিশোধ করলেও বছরের পর বছর পাম্প বিকল থাকে কেন, তা আমাদের বোধগম্য নয়। আমরা দ্রুত এই সমস্যা সমাধান চাই।”
এ বিষয়ে পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, “পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডে চারটি পাম্প থেকে পানি সরবরাহ করা হতো। পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় দুটি পাম্পে পানি উঠছে না, আরেকটি থেকে লবণাক্ত পানি ওঠায় সেটিও বন্ধ রাখতে হয়েছে। ফলে সংকট সৃষ্টি হয়েছে।”
তিনি আরও জানান, ঝালকাঠি পৌরসভা থেকে বিষয়টি ৭ জেলা পানি সরবরাহ প্রকল্প এবং ২৫ জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন শুরু হলে অচিরেই এ সংকট দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

No comments