ঝালকাঠিতে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের মালামাল নিয়ে গেল প্রতিষ্ঠাতার ছেলে
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ২৬ নম্বর দোগল চিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের টিন ও লোহার অ্যাঙ্গেল জোরপূর্বক নিয়ে গেছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে—এমন অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ আগস্ট) সকালে। এ ঘটনায় রোববার (৩১ আগস্ট) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ইয়াসমিন খানম সদর উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৃত মোতাহার হাওলাদারের ছেলে নুরুল ইসলাম কয়েকজন লোক নিয়ে এসে জোরপূর্বক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের টিন ও লোহার অ্যাঙ্গেল খুলে নিয়ে যায়। তিনি বাধা দিলে তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে নুরুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের পুরাতন ভবনটি ২০১০ সালে নিলামে বিক্রি করা হয়েছে। এটি আসলে একটি মাদরাসার ভবন ছিল, আর টিন-অ্যাঙ্গেলসহ এর মালিক আমি।”
এ বিষয়ে ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

No comments