ঝালকাঠিতে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
“সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪৭ বছর” এ শ্লোগানকে ধারণ করে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলসহকারে শোভাযাত্রায় যোগ দেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। পাশাপাশি জাসাস-এর নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং দলের আন্দোলন-সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

No comments